ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা, নড়াইল ও নেত্রকোনায় গত দু'দিনে চার মহিলা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
খুলনা: জেলার পাইকগাছা পৌরসভার সরল গ্রামে মঙ্গলবার সকালে দু'জন খুন হয়েছে।
এরা হলেন- রেশমা বেগম ও মর্জিনা বেগম।
পাইকগাছা থানার ওসি মো. হুমায়ূন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর ইসলামের স্ত্রী রেশমার সঙ্গে তার শ্বশুর-শাশুড়ির প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে সকালে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে নূর গলা টিপে হত্যা করে রেশমাকে।
এরপর নূর তাদের ঝগড়ায় প্ররোচিত করার অভিযোগে প্রতিবেশী মর্জিনা বেগমকে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করে।
পরে নূর ইসলাম পাইকগাছা থানায় গিয়ে ধরা দেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ দু'টি লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় হত্যা মামলা হবে বলে জানান ওসি।
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইশানগাতি গ্রামে সোমবার রাতে নিহত গৃহবধুর নাম পারুল বেগম (২৫)।
পারুল ইশানগাতি গ্রামের প্রয়াত সরোয়ার সর্দারের স্ত্রী।
পারুলের ভাই মাহফুজার শেখ অভিযোগ করেন, স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে ভাসুর মতিয়ার সর্দারের সঙ্গে পারুলের দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন থেকে। এর জেরে মতিয়ার তাকে গলাটিপে হত্যা করেছে।
লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মাহফুজার শেখ নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নেত্রকোনা: মোবাইল ফোনে গান শোনা নিয়ে কলমাকান্দা উপজেলার কাকুরিয়া মাছিম গ্রামে খুন হয়েছেন সুফিয়া খাতুন (৫২)।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সুফিয়া খাতুনের ভাইপো আলমগীর প্রতিবেশী সাহাবউদ্দিনের বাড়ির পাশে মোবাইল ফোনে গান বাজান। এ নিয়ে সাহাবউদ্দিনের সঙ্গে আলমগীরের হাতাহাতি হয়।
এর জেরে সোমবার সন্ধ্যায় সাহাবউদ্দিন ও তার লোকজন সুফিয়া আক্তারের বাড়িতে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে সুফিয়া মারা যান।
সুফিয়ার ছেলে সালাম মিয়া মঙ্গলবার সাহাবউদ্দিনসহ নয়জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা করেছেন।
কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24