বরিশাল, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতনের মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক কাউন্সিলরসহ আট জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে তারা জামিনের আবেদন করেন।
জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম সানাউল হক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।
এদিকে কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানের একান্ত সচিব সৈয়দ সাইদুল হক বাদী হয়ে কবির ঢালী, আক্কেল, তৈয়ব, আসাদুল, শামীম, রাব্বি, মাসুম, সোহেল ও বাপ্পিসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি কমলেশ চন্দ্র হালদার।
পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানসহ আট জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার বিরুদ্ধে মামলা হয়েছে।"
এ ব্যাপারে থানার অভ্যর্থনা কক্ষে থাকা কাউন্সিলর নোমান অভিযোগ করে বলেন, "তার কার্যালয়ে দুষ্কৃতকারীদের হামলা ও ভাংচুরের ঘটনায় আইনি সহায়তা চাইতে থানায় এলে পুলিশ তাকে সাহায্য না করে উল্টো গ্রেপ্তার করেছে।"
একইসঙ্গে গ্রেপ্তার হওয়া সাহান জানান, পদ্মাবতী এলাকার আক্কেল, তৈয়ব, আসাদুল, শামীম, রাব্বি, মাসুম, সোহেল ও বাপ্পিসহ কয়েকজন ঈদের আগে কাটপট্টিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। এ ঘটনায় সোমবার বিকালে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে শালিস বসে। অভিযুক্তরা শালিসের এক পর্যায়ে কাউন্সিলরকে গালাগাল করে ও কার্যালয়ে ভাংচুর চালায়।
সাহান বলেন, "এ ঘটনায় কাউন্সিলর নোমান থানায় মামলা করতে এলে পুলিশ মামলা না নিয়ে তাকেসহ আট জনকে গ্রেপ্তার করে।"
গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেল, রতন, খলিল, সাহান ও কাউন্সিলর নোমানের নাম প্রকাশ করেছে পুলিশ।
ওসি কমলেশ চন্দ্র বলেন, "৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বস্তির বাসিন্দারা কাউন্সিলর নোমানের বিরুদ্ধে শালিসের নামে কার্যালয়ে এনে নারীদের ওপর নির্যাতন করার অভিযোগ এনেছে। এর বিচার দাবিতে রাত ১২টার দিকে কোতয়ালী মডেল থানার সামনে বিক্ষোভ করে তারা।"
রসুলপুর বস্তি এলাকার কবির ঢালী জানান, ওসির মামলা নেওয়ার আশ্বাসে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে। পরে মহানগর শ্রমিক লীগ সদস্য ও ৯ নং ওয়ার্ড সহ-সভাপতি আক্কেলউদ্দিন বাদী হয়ে কাউন্সিলর নোমানকে প্রধান আসামি করে নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।
এদিকে কাউন্সিলর নোমানকে গ্রেপ্তারের খবর শুনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সোবাহান থানায় আসেন। সিটি মেয়রের অনুমতি ছাড়া কোনো কাউন্সিলরকে গ্রেপ্তার করার নিয়ম নেই জানিয়ে কাউন্সিলর নোমানকে অনুমতি ছাড়া গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে বিসিসি'র মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার উদ্ধৃতি দিয়ে জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, কোন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা থাকলে মেয়রের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24