চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নলডুবী-হঠাৎপাড়া গ্রামে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
নিহত রেজাউল ইসলাম নলডুবী-হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় তিনি আহত হন। রোববার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার গভীর রাতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ওই গ্রামের রুহুল আমিন (২৭), আইনাল হক (৪৮), মনিরুল হক (৪৫), মোজাম্মেল হক (২৫) ও তোজাম্মেল হক (২৩)।
শিবগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনারুল ইসলাম ও রুহুল আমিনের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দু'পক্ষে মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিবেশী রেজাউল ইসলাম তাদের থামাতে যান। এ সময় লাঠির আঘাতে রেজাউল গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
রেজাউলের বাবা তোফাজ্জল হোসেন রোববার রাতে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭২১ ঘ.
bdnews24