২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভিড়

প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভিড়। এবার ছুটির প্রথম তিনদিনেই পর্যটকের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

আনছার হোসেন কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভিড়। এবার ছুটির প্রথম তিনদিনেই পর্যটকের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। ঈদের আগের দিন থেকে ছুটি কাটাতে কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটকরা। সমুদ্র সৈকত ও কক্সবাজার শহরে এখন মানুষ আর মানুষ। পর্যটকের ভিড়ে বিপাকে পড়েছেন স্থানীয় অধিবাসীরা। ঈদের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার জন্য যানবাহন পাওয়া যাচ্ছেনা। অনেক কষ্টে পাওয়া গেলেও বেশি ভাড়া গুণতে হচ্ছে। হোটেল-রেঁস্তোরাগুলোতে পর্যটকের ভিড় থাকায় মাছ-মাংসসহ নিত্যপণ্যের অধিকাংশই চলে যাচ্ছে সেখানে। কক্সবাজার শহরের টেকপাড়ার অধিবাসী মোহাম্মদ রফিক জানান, মাংস কিনতে গিয়ে মাংস মিলছে না। রেঁস্তোরাগুলোতে চাহিদা বেড়ে যাওয়ায় মাছ-মাংস কেনার ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মাংস বিক্রেতা আবদুর রহিম জানান, হোটেল রেঁস্তোরাগুলোতে চাহিদা বেশি থাকায় তারা বেশি দামে মাংস কিনে নিচ্ছে। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "যে মাংস কেজি প্রতি ২৫০ টাকায় বিক্রি হতো তা এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।" কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা জানান, এখানকার আড়াই শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রেস্ট হাউসগুলো প্রায় এক মাস আগেই অগ্রিম বুকিং হয়ে গেছে। হোটেল মোটেলগুলো ঈদের দিন থেকে পরিপূর্ণ। শুধু কক্সবাজার শহর নয়, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের হোটেল ও রেস্টহাউসগুলোর একই অবস্থা। কক্সবাজার হোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার সাংবাদিকদের জানান, ঈদের দিন কক্সবাজারে অন্তত ২৫-৩০ হাজার পর্যটক ছিলেন। ঈদের পরদিন থেকে প্রতিদিন ৮০ হাজার থেকে এক লাখ পর্যটক শহর ও সাগরতটের হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোতে অবস্থান করার কথা। তিনি বলেন, "কক্সবাজারে আড়াই শতাধিক হোটেল, মোটেল, গেস্টহাউস ও রেস্টহাউস গুলোতে প্রতি রাতে ৬৫ হাজার পর্যটকের আবাসনের ব্যবস্থা আছে।" সুগন্ধা গেস্ট হাউসের মহাব্যবস্থাপক রহমত উল্লাহ জানান, শহরের অধিকাংশ হোটেল ও গেস্টহাউসই ১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বুকিং হয়ে আছে। এখন আর কাউকে কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, "সুগন্ধা গেস্ট হাউসে ৪৪টি কক্ষ রয়েছে। এতে ১৫০ জনের মতো পর্যটক রাত্রীযাপন করতে পারেন।" ডায়মন্ড প্যালেস গেস্ট হাউসের কর্মকর্তা করিম উল্লাহ বলেন, "আমাদের গেস্ট হাউসে কক্ষ রয়েছে ৫০টির মতো। এতে দেড় শতাধিক পর্যটক অবস্থান করতে পারেন। এখানে আগামী এক সপ্তাহ পর্যন্ত কোনো কক্ষ খালি নেই।" গত তিনদিনে সৈকতে দুই লক্ষাধিক পর্যটকের সমাবেশ ঘটে বলে সমুদ্র সৈকতের ঝিনুক ব্যবসায়ী জয়নাল আবেদীন ধারণা করছেন। আগামী কয়েকদিন এই অবস্থা বিরাজ করবে বলে তিনি মনে করেন। এবার ঈদের ছুটির এক মাস পর শুরু হচ্ছে দুর্গাপূজা। তাই আগামী এক মাসে অন্তত ১০ লাখ পর্যটক কক্সবাজারে আসতে পারেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পর্যটন ব্যবসায়ীর ধারণা। কক্সবাজার জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) কে এম আলমগীর কবীর জানান, কক্সবাজারে ২৪ টি সরকারি রেস্টহাউস বা বাংলো রয়েছে। ওই রেষ্টস্টাউসগুলোতে ৪৩টি ভিআইপি কক্ষ ও ৫৫টি সাধারণ কক্ষ রয়েছে। তিনি জানান, এছাড়া হিলটপ ও হিলডাউন সার্কিট হাউসে আরো চারটি ভিআইপি ও ১২টি সাধারণ কক্ষ রয়েছে। এই কক্ষগুলোর কোনোটিই খালি নেই। কক্সবাজার পুলিশ সুপার (এসপি) নিবাস চন্দ্র মাঝি সাংবাদিকদের জানান, এমনিতেই জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পাহাড় কাটা ও ঝাউগাছ নিধনসহ নানা কাজে পুলিশকে ব্যস্ত থাকতে হয়। এ অবস্থায় কয়েক লাখ পর্যটকের নিরাপত্তায় পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। তিনি বলেন, "পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ইনানী সৈকতে পুলিশ ফাঁড়ি বসানোর কাজ চলছে। ওই ফাঁড়িটি স্থায়ী করা হবে।" কক্সবাজার থেকে ইনানী সৈকত পর্যন্ত সব স্পটেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাতে হোটেল ও গেস্টহাউসগুলোতে পুলিশের নজরদারি থাকবে বলে তিনি জানান। সৈকতের ব্যবসায়ীদের মতে, স্থানীয় পর্যটক মিলিয়ে শনিবার ও রোববার সমুদ্র সৈকতে ছিল রেকর্ড সংখ্যক পর্যটকের ভীড়। ওই সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে। ঢাকার মিরপুর থেকে আসা তাহসান রুমা, আহমদ আলম ও আবদুর রহমান জানান, ঈদের আনন্দটা তারা সমুদ্র সৈকতে কাটাতে এসেছেন। একসঙ্গে এতো মানুষ তারা এর আগে কখনো দেখেননি। সিলেটের হবিগঞ্জ থেকে আসা আবদুল খালেক ও মনোরমা খালেক বলেন, কক্সবাজারে মানুষের ঢল দেখে আমরা অভিভূত। তবে বৃষ্টি ও বিরূপ আবহাওয়া সেই আনন্দে কিছুটা বাধ সেধেছে। জেলা প্রশাসক (ডিসি) মো. গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, "কক্সবাজারে এসে পর্যটকরা যাতে বিড়ম্বনার শিকার না হন এবং হোটেল রেষ্টুরেন্টগুলো অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য বেশ কয়েকজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৮৫২ ঘ.