ঢাকা, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাজীপাড়া প্রধান সড়কে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।
কাফরুল থানার সহকারি উপপরিদর্শক সুব্রত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি লেগুনা গাড়ি শামীম আহমেদ (১৬) নামের ওই কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শামীম এক্সিম ব্যাংকের স্থানীয় একটি শাখায় ফুট ফরমায়েশ খাটতো।
ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী লেগুনা গাড়ির নীচে সে চাপা পড়ে।
এতে বিক্ষুদ্ধ জনতা লেগুনা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে দমকল বাহিনী ঘটনাস্থলে এলে বিক্ষুদ্ধ লোকজন দমকল বাহিনীর গাড়িও ভাংচুর করে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সুব্রত বিশ্বাস জানান, লেগুনা গাড়ির চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬৩১ ঘ.
bdnews24