ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানকে বিদেশে যেতে দেয়নি সরকার। শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ভারত যেতে চেয়েছিলেন।
সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভারতের কলকাতা যেতে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে এলে তাকে ইমিগ্রেশন বিভাগ 'উর্ধ্বতন কর্র্তৃপক্ষের' নিষেধাজ্ঞা রয়েছে বলে জানায়।
রিয়াজ রহমান শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্ত্রীসহ কলকাতা যেতে বিমান বন্দরে পৌঁছাই সকাল ৮টার দিকে। বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন বিভাগ আমাকে যেতে বাধা দেয়। তারা জানিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে।"
জোট সরকারের আমলে পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান পররাষ্ট্র সচিবও ছিলেন।
তিনি জানান, ঈদের ছুটিতে তার স্ত্রী নার্গিস রহমানসহ তিনি কলকাতা যাচ্ছিলেন।
বিমানবন্দর থেকে পরে রিয়াজ রহমান স্ত্রীসহ বাসায় ফিরে যান।
এ ঘটনায় নিন্দা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিয়াজ বলেন, "আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। কেন ইমিগ্রেশন বিভাগ আমাকে বিদেশে যেতে বাধা দিলো তা বোধগম্য নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১০ ঘ.
bdnews24