চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু প্রতীক্ষিত তৃতীয় কর্ণফুলী সেতু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে এ সেতুর উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী তাঁর গাড়িবহর নিয়ে নবনির্মিত সেতু অতিক্রম করেন।
এসময় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ চট্টগ্রামসহ বান্দরবান কক্সবাজারের সাথে মহানগরীর সংযোগকারী এ সেতুর দাবি ছিল দীর্ঘদিনের।
দীর্ঘদিন রাজনৈতিক রশি টানাটানির পর ২০০৬ সালের অগাস্ট মাসে কেবল স্টেইড এক্সট্রা ডোজড টাইপ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অ্যাপ্রোচ সড়কের কারণে তা হয়নি।
এ সেতুর প্রাক্কলিত ব্যয় ৫৯০ কোটি টাকা ধরা হলেও খরচ হয়েছে ৩৮০ কোটি টাকা। এতে সাশ্রয় হয়েছে ২১০ কোটি টাকা। চার লেনবিশিষ্ট এ সেতুর দৈর্ঘ্য ৯৫০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৪০ মিটার। কেবল স্টেইড টাইপের সেতু বাংলাদেশে এই প্রথম।
চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি কোম্পানির সাথে ২০০৬ এর ১৯ জুলাই এ সেতু নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরের পর ওই বছরের অগাস্ট থেকে এর নির্মাণ কাজ শেষ হয়।
এর আগে প্রধানমন্ত্রী পশ্চিম পটিয়ার শিকলবাহায় দেড়শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৩৫৩ ঘ.
bdnews24