গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে ছিনতাইকারী সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সুজন মিয়া (২২), সুমন (২২), নাইম (২১), জিহাদ (১৭) ও সেলিম (৩৬)।
মঙ্গলবার দুপুরে উপজেলার বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসে ছিনতাইকালে তাদের গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলে যাত্রীবেশে ৯-১০ জন ছিনতাইকারী ওঠে।
বাসটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে তারা বাস থামিয়ে ধারলো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই শুরু করে।
এ সময় কয়েকজন যাত্রী জানালা দিয়ে নেমে চিৎকার দিলে টহল পুলিশ গিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং একটি চাকু উদ্ধার করে। বাকিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.
bdnews24