২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরা গরুই এখন শকুনের যম

ব্যথানাশক ওষুধ 'ডাইক্লোফেন' দেওয়া মরা গরুর মাংস খেয়ে মারা যাচ্ছে শকুন। তাই সারাবিশ্বেই কমছে এই পাখির সংখ্যা। আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসে মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাগাড় কিংবা মরা পশুর দেখা পেলেই আকাশে সারি বেঁধে পাক খেতে শুরু করতো শকুনের ঝাঁক। তিন দশক আগের পরিচিত এই দৃশ্য এখন আর নেই। দেশে শকুনের সংখ্যা নেমে এসেছে কয়েক হাজারে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যথা ও জীবাণুনাশক ওষুধ 'ডাইক্লোফেন' দেওয়া মৃত পশুই হয়েছে শকুনের কাল। বিশেষ করে, এই ওষুধ সেবন করানো মরা গরুর মাংস খেয়েই মারা যাচ্ছে শবভুক এ প্রাণিটি। তাই শকুন রক্ষায় 'ডাইক্লোফেন' এর বিকল্প ওষুধ ব্যবহার এবং খাঁচায় প্রজননের (কেপটিভ ব্রিডিং) উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি অঞ্চল) তপন কুমার দে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শকুনের মহাপ্রলয় ডেকে আনে ডাইক্লোফেন নামক ব্যথানাশক ওষুধ। গত তিন দশকে উপ-মহাদেশের ৭৫ শতাংশ শকুন মারা গেছে গবাদি পশুর চিকিৎসায় ড্রাইক্লোফেনের যথেচ্ছ ব্যবহারে।" বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোতে গত শতকের ৮০'র দশকে প্রায় চার কোটি শকুন ছিলো। কিন্তু এখন বেঁচে আছে ৪০ হাজারেরও কম। বাংলাদেশে গত দুই দশক আগেও ভাগাড়ে গবাদি পশুর মৃতদেহ ফেলা মাত্রই হাজির হতো শকুনের দল, এখন আর তেমনটি দেখা যায় না। কিন্তু শকুনের ওপর এদেশে তেমন কোনো তথ্য কিংবা পরিসংখ্যান নেই বলে স্বীকার করলেন বন সংরক্ষক তপন কুমার। ন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ 'বাংলাপিডিয়া'য় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম লিখেছেন, বিশ্বে ১৮ প্রজাতির শকুন দেখা যায়। এর মধ্যে পশ্চিম গোলার্ধে রয়েছে সাত প্রজাতির। পূর্ব গোলার্ধে (ইউরোপ, আফ্রিকা ও এশিয়া) ঈগলের সঙ্গে সম্পর্কিত ১১ প্রজাতির শকুন দেখা যায়। তবে বাংলাদেশে রয়েছে ছয় প্রজাতির শকুন। এর মধ্যে চার প্রজাতি স্থায়ী এবং দুই প্রজাতি পরিযায়ী। স্থায়ী প্রজাতির মধ্যে রাজশকুন অতি বিপন্ন। অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একসময় শকুনের ছায়াও মানুষের কাছে অপ্রিয় ছিল, আজ সেই পাখিটির জন্য করুণা হচ্ছে। কারণ, এই প্রাণিটি এখন বিলুপ্ত প্রায় প্রজাতির।" বাংলাদেশে বিভিন্ন প্রজাতির প্রায় দুই থেকে আড়াই হাজার শকুন থাকতে পারে বলে জানান তিনি। শবভুক তীক্ষ্ম দৃষ্টির শিকারি পাখি শকুন প্রশস্ত ডানায় ভর করে আকাশে ওড়ে। এর মাথা বা গলায় পালক নেই। সাধারণত গুহায়, গাছের কোটরে বা পর্বতের চূড়ায় ১-৩টি সাদা বা ফ্যাকাসে ডিম পাড়ে। তপন কুমার দে জানান, দেশে এখনো শকুন/বাংলা শকুন, রাজ শকুন, গ্রীফন শকুন/ইউরেশিয় শকুন, হিমালয়ী শকুন, সরুঠোঁট শকুন, কালা শকুন ও ধলা শকুন- এই সাত প্রজাতির শকুনের অস্তিত্ব রয়েছে। তবে শুধু গ্রীফন প্রজাতির শকুনই এখন মাঝে মাঝে দেখা যায়। বিলুপ্ত প্রায় রাজশকুনসহ বাকি প্রজাতিগুলো এখন মহাবিপদাপন্ন। গরু-ছাগলের চিকিৎসায় বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যথা ও জীবাণুনাশক হিসেবে 'ডাইক্লোফেন' ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলছেন, 'ডাইক্লোফেন' খাওয়া গরু-ছাগলের মৃতদেহ খেলে শকুনের কিডনি নষ্ট হয়ে যায় এবং দু'দিনের মধ্যেই মৃত্যু হয়। অথচ মৃতদেহের মারাত্মক সব প্যাথোজেন খেয়েও শকুনের বিশেষ কোনো ক্ষতি হতো না। শুধুমাত্র ভারতেই প্রতি বছর ৩০ শতাংশ শকুন ডাইক্লোফেনের বিষক্রিয়ায় মারা যায় বলে জানান বিশেষজ্ঞরা। এ বিষয়ে বন সংরক্ষক তপন দে জানান, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের কলেজ অব ভেটেরিনারি মেডিসিন এর গবেষক ড. লিন্ডসে ওক প্রমাণ করেছেন, পশু-চিকিৎসায় 'ডাইক্লোফেন' এর ব্যবহারই শকুনের মৃত্যুর প্রধান কারণ। বন্যপ্রাণি বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর অনেক দেশেই পশু-চিকিৎসায় এখন 'ডাইক্লোফেন' এর পরিবর্তে 'মেলোক্সিক্যাম' ব্যবহৃত হচ্ছে। পশু-চিকিৎসায় 'মেলোক্সিক্যাম' সমান কার্যকর, অথচ শকুনের জন্য ক্ষতিকর নয়। বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২০০৬ সালে ইন্ডিয়া ও পাকিস্তান 'ডাইক্লোফেন' উৎপাদনের লাইসেন্স প্রত্যাহার করে 'মেলোক্সিক্যাম' ব্যবহারের নির্দেশ দেয়। নেপাল সরকারও ২০০৯ সালে 'ডাইক্লোফেন' নিষিদ্ধ করে 'মেলোক্সিক্যাম' ব্যবহারের নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকার এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি জানিয়ে তপন দে বলেন, "আশা করি, সরকার 'বাংলা শকুন' রক্ষায় শকুন-হত্যাকারী ওষুধ 'ডাইক্লোফেন' নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেবে।" শকুন রক্ষায় ব্যাপক গণসচেনতা সৃষ্টির পাশাপাশি বন্যপ্রাণি আইনে শকুনসহ অন্যান্য বন্যপ্রাণির সুরক্ষায় ঘাতক ওষুধ নিষিদ্ধ ঘোষণার বিধান রাখারও আহ্বান জানান তিনি। সরকারের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সদস্য ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বলেন, "এখনই বিলুপ্তপ্রায় প্রাণিটি রক্ষায় ক্যাপটিভ ব্রিডিংয়ের উদ্যোগ নিতে হবে সরকারকে। শকুন প্রজাতিকে এ প্রক্রিয়ায় খাঁচায় রেখে বংশবৃদ্ধি করে উপযুক্ত সময়ে ছেড়ে দিতে হবে।" রোববার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসকে মাথায় রেখে বিপন্ন ও বিলুপ্ত প্রায় শকুনের বিভিন্ন প্রজাতি রক্ষা করতে সরকার উদ্যোগী হবেন বলে আশা প্রকাশ করেন বন্যপ্রাণিবিদরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/এমআই/১২৪৫ ঘ.