গাইবান্ধা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার মহিমাগঞ্জে ঈদ বোনাসের দাবিতে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তার কক্ষে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রেখেছে শ্রমিক-কর্মচারীরা।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে চিনিকলের এমডি মদন মোহন সাহাকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আট শতাধিক শ্রমিক-কর্মচারি অবরুদ্ধ করে রাখে। দুপুর ১টার পর কর্তৃপক্ষ সাধারণ শ্রমিকদের বোনাস দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন বছর বন্ধ থাকার পর ২০০৬ সালে চিনিকলটি পুনরায় চালু হলে কাজ নাই-মজুরি নাই ভিত্তিতে ৮৫০ জন সাবেক শ্রমিক-কর্মচারীকে নিয়োগ দেয়া হয়। নিয়ম অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিক-কর্মচারীরাও ঈদ বোনাস পাওয়ার কথা। কিন্তু চিনিকল কর্তৃপক্ষ বোনাস দিচ্ছে না। ফলে সাধারণ শ্রমিক-কর্মচারিরা এই কর্মসূচী পালন করে।"
এমডি মদন মোহন অবরুদ্ধ থাকার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা বোনাসের আওতায় পড়ে না। এছাড়া প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের বাইরে আমাদের করণীয় কিছু নেই। তবে ঈদ বোনাস দেয়ার বিষয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২২৮ ঘ.
bdnews24