২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রবধূকে নিতে এসে শ্বশুর খুন

পুত্রবধূকে বাড়ি ফিরিয়ে নিতে এসে বেয়াইবাড়ির লোকজনের হাতে খুন হয়েছেন এক শ্বশুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 06:35 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুত্রবধূকে বাড়ি ফিরিয়ে নিতে এসে বেয়াইবাড়ির লোকজনের হাতে খুন হয়েছেন এক শ্বশুর। নিহতের নাম মধু মিয়া (৪৫)। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতানী পাড়া এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই বাড়ির লোকজন পালিয়েছে। কালীগঞ্জ থানার ওসি আ. আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার আদর্শপাড়া এলাকার মধুমিয়ার দুই ছেলে সেলিম ও হালিমের সঙ্গে সাতানী পাড়ার তমিজ উদ্দিনের দুই মেয়ে তারেফা ও লাকির বিয়ে হয়। তিনি বলেন, গত রোববার স্বামী সেলিমের সঙ্গে রাগ করে তারেফা বাপের বাড়ি চলে যায়। দুই দিন পর মঙ্গলবার সেলিমের বাবা মধু মিয়া, ভাই হালিম, চাচাতো ভাই তারেক ও মিরাজ তারেফাকে ফিরিয়ে আনতে তমিজ উদ্দিনের বাড়ি যান। তখন সেলিমের শ্বশুর বাড়ির লোকজন তারেফাকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে রাতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে সেলিমের শ্বশুর বাড়ির লোকজন তাদের ওপর লাঠি ও বল্লম দিয়ে হামলা চালায়। রাত সোয়া ৮টার দিকে এলাকাবাসী তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মধু মিয়াকে মৃত ঘোষণা করেন। ওসি আউয়াল জানান, ঘটনার পরপর ওই বাড়ির লোকজন বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২৩২ ঘ.