ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চিতনা গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পারভীন আক্তার (২২)।
হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পারভীনের স্বামীসহ চারজনকে আটক করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, পারভীনের স্বামী জলিল মিয়া প্রায়ই তার স্ত্রীর বিরুদ্ধে বাইরের কারো সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ করতেন। এনিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো।
এর জেরে সকালে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে জলিলের মারধরে পারভীন মারা যান।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পারভীনের স্বামী জলিল মিয়া, শাশুড়ি সুবেদা বেগম, ভাবী সুলতানা ও ভাগিনা দুলাল মিয়াকে আটক করেছে।
নিহতের শরীরের বিভিন্ন অংশে মারধরের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24