ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃগ্রিড সংযোগ স্থাপনের জন্য ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মঙ্গলবার এডিবি'র পরিচালনা পর্ষদ বাংলাদেশ-ভারত বৈদ্যুতিক গ্রিড আন্তঃসংযোগ প্রকল্পের জন্য এই ঋণ অনুমোদন করেছে।
এডিবি'র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই ঋণের অর্থ ৪০ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্ট সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় করা হবে। যা বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রিডের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় গ্রিডের সংযোগ স্থাপন করবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ২০১২ সাল নাগাদ ভারত থেকে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ হবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে আরো বেশি বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনাও রয়েছে।
এডিবি'র দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক সুলতান হাফিজ রহমান বলেন, "এই প্রকল্প দক্ষিণ এশিয়ায় জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে এবং এক্ষেত্রে নতুন আরো চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে এই অঞ্চলের জ্বালানি সম্পদের আরো কার্যকর ব্যবহার হবে।"
৩২ বছর মেয়াদী এই ঋণের প্রথম আট বছরের জন্য বছরে ১ শতাংশ হারে এবং বাকি সময় ১.৫ শতাংশ হারে সুদ ধার্য করা হয়েছে।
এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্মারকে সই করে। ভারত প্রাথমিক পর্যায়ে তার কেন্দ্রীয় গ্রিড থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিতে রাজি হয়েছে। দুই দেশ এখন আন্তঃগ্রিড সংযোগ স্থাপনে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে।
পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর যৌথ কারিগরি টিমের হিসাব অনুযায়ী, আন্তঃগ্রিড সংযোগ স্থাপনে প্রায় ১,২৮৬ কোটি টাকা (প্রায় ৮৬৯ কোটি রুপি) প্রয়োজন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এইচএ/২০৫২ ঘ.
bdnews24