নরসিংদী, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের বৌয়াকুড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হয় একটি পিস্তল, দুটি রিভলবার, শাটারগানের ১১ রাউন্ড ও পিস্তলের ২০ রাউন্ড গুলি।
গ্রেপ্তারকৃতরা হলেন- বৌয়াকুড় এলাকার আকতার সরকারের ছেলে তৌকির (২০) ও জয়নাল মিয়ার ছেলে আল-আমিন (২২)।
নরসিংদী সদর থানা ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ক্রেতা সেজে তাদের গ্রেপ্তার করেছে।
এরা দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এজাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24