গোপালগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সোমবার 'দাদন ব্যবসায়ীর লাথিতে' এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত মাজেদুননেছা বেগম (৮৫) ওই গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে কৃষক মো. মফিজুল আলম (৫০) বলেন, ২০০৩ সালে তার মা গ্রামের দাদন ব্যবসায়ী হারুন মোল্লার কাছ থেকে সুদে চার হাজার টাকা ঋণ নেন। এর ছয়মাস পর সুদ-আসল মিলে মোট ১০ হাজার টাকা হারুনকে ফেরৎ দেন।
কিন্তু হারুন একটি স্ট্যাম্পে তাদের ২৯ শতাংশ জমি বায়না চুক্তি দেখিয়ে তাদের কাছে আরো ৪০ হাজার টাকা দাবি করেন। পরে আদালতের মাধ্যমে তাদের বসতবাড়ি ও ওই ২৯ শতাংশ জমি তার নামে লিখে নেন।
কিন্তু জমিটি তাদের দখলে রয়েছে। তাতে তারা ধানও লাগিয়েছেন। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ লেগে আছে।
এর জেরে দুপুরে হারুন ও মাজেদুননেছার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ধাক্কা দিয়ে মাজেদুননেছাকে ফেলে দিয়ে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, হারুন ধাক্কা দেওয়ার পর ওই মহিলা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24