২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপত্র ছিনতাই: সড়কের কাজ স্থগিত

নাটোরে বাক্স ভেঙ্গে দরপত্র ছিনতাই হওয়ায় সদর উপজেলার বনবেলঘরিয়া-মোমিনপুর সড়ক মেরামত কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নাটোর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে বাক্স ভেঙ্গে দরপত্র ছিনতাই হওয়ায় সদর উপজেলার বনবেলঘরিয়া-মোমিনপুর সড়ক মেরামত কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বড় ছেলে সোহেল সরকার সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘটনায় তাকে অভিযুক্ত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কার্যালয় জানায়, রোববার নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে দরপত্র বাক্স ভেঙ্গে দরপত্র ছিনতাই হওয়ায় প্রায় এক কোটি টাকার কাজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবার ওই কাজের দরপত্র আহ্বান করা হবে। নির্বাহী প্রকৌশলী লোকমান আলী সাংবাদিকদের বলেন, একজন ঠিকাদারের এক লাখ ৯৭ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ দরপত্র ছিনতাই হওয়ায় আগের দরপত্র অনুযায়ী ঠিকাদার নির্বাচন করা সম্ভব না। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দরপত্র ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা সাধারণ ডায়িরির ভিত্তিতে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সোমবার স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে এসে তদন্ত কাজ শুরু করেছেন। ওসি বলেন, তদন্ত শেষে এ ব্যাপারে নিয়মিত মামলা করা হতে পারে। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বড় ছেলে সোহেল সরকার সোমবার দুপুরে নাটোরের নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, "আমার বাবা ও আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল দরপত্র ছিনতাইয়ের ঘটনায় আমাকে অভিযুক্ত করেছেন। প্রকৃতপক্ষে আমি ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।" রোববার নাটোর এলজিইডি কার্যালয়ে রাখা দরপত্র বাক্সের তালা খুলে একটি ঠিকাদার প্রতিষ্ঠারে দাখিল করা দরপত্র নিয়ে যায় একদল দুর্বৃত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.