চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় মিছিল করার সময় নিমতলা বাজার থেকে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির তাজের হোসেন (৫২) ও একই উপজেলার নন্দিপুর ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জোহা (৫১)।
গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে রহনপুর পৌর এলাকার নুনগোলার উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে নিমতলা বাজার এলাকায় পৌঁছলে পুলিশ তাজের হোসেন ও শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে।
পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি জাহাঙ্গীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার কাহালু পৌরসভার কাহালু চারমাথা এলাকায় মিছিল করার সময় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. রেজাউল আখলাক কাহালু পৌর জামায়াতের আমির।
কাহালু থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টার দিকে রেজাউল আখলাকের নেতৃত্বে হঠাৎ করেই একটি মিছিল বের হয়। উচ্ছৃঙ্খলভাবে মিছিল করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে মিছিলকারীদের ছত্রভঙ্গ করা হয়।
পরে কাহালু চারমাথা এলাকা থেকে রেজাউল আখলাককে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কিউএইচ/কেএমএস/১৫৪৯ ঘ.
bdnews24