ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর জরিপ চালিয়ে ৫৪টি অগ্রন্থি'ত শিলালিপির সন্ধান পেয়েছে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি।
এর মধ্যে ২০০৮ সালে ২১টি, ২০০৯ সালে ৯টি এবং ২০১০ সালে ২৪টি শিলালিপির সন্ধান পাওয়া যায়।
শুক্রবার ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষক জাকারিয়া মণ্ডল।
প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে ২১টি অগ্রন্থিত শিলালিপি পাওয়া যায়। এগুলো হলো কাজী মোহাম্মদ শরীফ মসজিদ-১, কাজী শরীফ মসজিদ শিলালিপি-২, বাড্ডানগর মুন্সী বাড়ির মসজিদ, বড় ভাট মসজিদ, আমলীগোলা ছোট মসজিদ, নলগোড়া শাহী মসজিদ, হাজী বেগ মসজিদ, শাহ নূরী মসজিদ, নিমতলী ছাতাওয়ালা মসজিদ, রায় সাহেব বাজার পুলের মসজিদ, খাজে দেওয়ান লেন শাহী মসজিদ, বিবি মরিয়ম সালেহা মসজিদ, কেন্দ্রীয় কারাগার বাগানবাড়ী জামে মসজিদ, বড় কাটরা ছোট মসজিদ, আগা সাদেক রোড মসজিদ, শাহী মসজিদ লক্ষ্মীবাজার, আমালিগোলা বড় জামে মসজিদ, ছোট ভাট মসজিদ, ভাটিখানা মসজিদ, বেগম বাজার মসজিদ সংলগ্ন কবরস্থান এবং জিন্দাবাহার কামরাঙ্গা মসজিদ।
২০০৯ সালে জরিপে পাওয়া নয়টি অগ্রন্থিত হলো- আমলগঞ্জ মসজিদ, গোর-ই শহীদ মসজিদ, বায়তুল হুজ্জাত মসজিদ, নবাবগঞ্জ মসজিদ, কাজী মাসউদ-এর মাজার, জিন্দাবাহার জামে মসজিদ, পল্টন ময়দান মসজিদ, উমেশ দত্ত লেন মসজিদ ও নূরানী জামে মসজিদ।
২০১০ সালে পাওয়া ২৪টি অগ্রন্থিত শিলালিপি হলো- বাবু বাজার জামে মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ, শাহ সৈয়দ কাশ্মিরির মাজার, আমির উদ্দিন দারোগার মসজিদ (২টি), গার্ড সাহেবের মসজিদ, জম্মুখানম মসজিদ, রুকনপুর কাজী বাড়ির মসজিদ, নাজিরা বাজার বড় জামে মসজিদ, লোহারপুল জামে মসজিদ, শাহ সাহেব বাড়ি মসজিদ (৩টি), শাহ সাহেব বাড়ি মাজার, আলী নকী দেউড়ি মসজিদ, আজিমপুর বড় দায়রা শরিফ মাজার (২টি), আজিমপুর বড় দায়রা শরিফ মসজিদ, আজিমপুর ছোট দায়রা শরিফ মাজার, নাজিম উদ্দিন রোড শাহী মসজিদ, ইব্রাহিম আদহামের মাজার, মালিটোলা জামে মসজিদ, বাশপট্টি মসজিদ-১ ও বাশপট্টি মসজিদ-২।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঢাকা থেকে মুঘল রাজধানী স্থানান্তরের পর দীর্ঘকাল পরিত্যক্ত থাকা অঞ্চলগুলোর মসজিদে কোনো শিলালিপি নেই। বুড়িগঙ্গা তীরের আলমগঞ্জ থেকে হাজারীবাগ পর্যন্ত গত ছয়শ' বছরের বেশি সময় ধরে মানব বসতি রয়েছে। শিলালিপিগুলোর অধিকাংশই ওই অঞ্চলে পাওয়া গেছে। তবে ঢাকার উত্তারাঞ্চলে এখনো কোনো শিলালিপি পাওয়া যায়নি।
বেশিরভাগ ক্ষেত্রে সংস্কার ও পরিবর্ধন কাজের সময় শিলালিপি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।
ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান পাভেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, শিল্পী শাহাবুদ্দিন, অনুবাদক আ ক ম যাকারিয়া, অধ্যাপক আব্দুল মমিন চৌধুরী, অধ্যাপক এবিএম হোসেন, অধ্যাপক কুলসুম আবুল বাশার মজুমদার, অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও স্থপতি শামসুল ওয়ারেস বক্তব্য রাখেন।
কমিটির সদস্যসচিব জান্নাতুল ফেরদাউস অনুষ্ঠানটি পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/এইচএ/২৩১৪ ঘ.
bdnews24