বাগেরহাট, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা বাজার সংলগ্ন ভৈরব নদে জেলেদের পেতে রাখা জালে জড়িয়ে একটি ডলফিনের (শুশুক) মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে জেলেরা মৃত ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেয়।
কোড়ামারা গ্রামের মৎস্যজীবী হামিজ উদ্দিন (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোররাতে তিনি নদীতে জাল পেতে রেখেছিলেন। সকালে তিনি জাল তুলে জালের মধ্যে মৃত ডলফিনটি দেখতে পান।
তিনি জানান, ডলফিনটি লম্বায় ছয় ফুট এবং এর ওজন প্রায় ১২৫ কেজি।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, তাকে বিষয়টি জানানোর পর তিনি মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার পরামর্শ দেন।
শুশুক নামে স্থানীয়ভাবে পরিচিত এই গাঙ্গেয় ডলফিন বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের নদীতে পওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৮২০ ঘ.
bdnews24