২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে শিশু খুন, পুলিশের ওপর হামলা

সিদ্ধিরগঞ্জে শিশু খুনের ঘটনায় এলাকাবাসীর হাতে আটক এক যুবককে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 06:16 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধিরগঞ্জে শিশু খুনের ঘটনায় এলাকাবাসীর হাতে আটক এক যুবককে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এলাকাবাসীর ছোড়া ইটপাটকেলে আহত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ ছয় পুলিশ। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে আহত হয় ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় থানার উপপরিদর্শক (এসআই) শহীদ জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকার হাসান মিয়ার বাড়ির পিছনের ডোবায় একটি ব্যাগে ভরা এক শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকাল ৫টায় শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জানা যায় শিশুটির নাম আমিনুল ইসলাম লিমন (৭)। তার বাবার নাম নুরুল আমিন। সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় তাদের বাড়ি। গত ২৩ অগাস্ট থেকে লিমন নিখোঁজ ছিলো। এসআই জানান, লাশের মাথা থেকে গলা পর্যন্ত পলিথিনে মোড়ানো ছিলো। গলায় ছিলো গামছা পেচানো। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, লাশ উদ্ধারের পর খবর আসে যে লিমনের বাসার লোকজন হত্যাকারী সন্দেহে বিনয় ওরফে সবুজ নামের এক যুবককে আটকে রেখেছে। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসতে এসআই হারুনের নেতৃত্বে পুলিশের একটি দল ধনকুন্ডা এলাকায় নিহত লিমনের বাড়িতে যায়। কিন্তু এলাকাবাসী আটককৃত বিনয়কে পুলিশের হাতে হস্তান্তর করতে অস্বীকার করে। তারা বিনয়কে পেটাচ্ছিলো। ওসি জানান, ঘটনাস্থলে যাওয়া পুলিশের দলটি সহযোগিতা চাইলে তিনি একদল পুলিশ নিয়ে সেখানে যান। প্রধান সড়কে গাড়ি রেখে প্রায় আধা কিলোমিটার ভেতরে অন্ধকার সরু পথ দিয়ে তারা ঘটনাস্থলে যান। বিনয়কে উদ্ধার করে ফিরে আসার সময় এলাকাবাসী তাকে তাদের হাতে ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে তারা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তিনি জানান, ইটের আঘাতে তার ও কনস্টেবল এমদাদের মাথা ফেটে গেছে। এমদাদকে সিদ্ধিরগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া ইটপাটকেল নিক্ষেপে এসআই নাজমুল, হারুন, এএসআই ফজলুল হক, কনস্টেবল শাখাওয়াত ও বাবর আহত হয়। তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রকাশে অনিচ্ছুক ধনকুন্ডা এলাকার এক দোকানদার সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে আসামি নিয়ে সরে যাওয়ার জন্য লাঠিচার্জ করে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আহত হওয়ার পরে পুলিশ নির্বিচারে এলাকাবাসীকে লাঠিপেটা করে। নিহত শিশু লিমনের বাবা নুরুল আমিন জানান, বিনয় তার বাসার পাশেই থাকে। তিনি বিদ্যুৎ মিস্ত্রী। তার সঙ্গে পোশাক কারখানার টুকরা কাপড়ের ব্যবসাও করতেন। তার দাবি, বিনয় তার ছেলেকে মঙ্গলবার অপহরণ করার পর ছদ্মনামে ফোনে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে এক লাখ টাকায় রফা হয় এবং সে অনুযায়ী বৃহস্পতিবার মহাখালীর একটি ব্যাংক হিসাবে টাকাও জমা দেন। তিনি জানান, কয়েক দিন আগে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বিনয় তার কাছ থেকে একটি ব্যাগ চান। সে ব্যাগে পাওয়া গেছে লিমনের লাশ। এ ব্যাগটি দেখেই তার সন্দেহ হয় বিনয়ই তার ছেলের খুনি। তার ঘরে গিয়ে খাটের নিচে রক্তের দাগ দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৫ ঘ.