স্টকহোম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর গোপন নথি প্রকাশের পর এবার সিআইএ'র গোপন নথি প্রকাশ করবে বলে জানিয়েছে উইকিলিকস।
মঙ্গলবার টুইটার আপডেট-এর মাধ্যমে উইকিলিকস জানায়, "উইকিলিকস আগামীকাল (বুধবার) সিআইএর নথি প্রকাশ করবে।"
গতমাসে আফগান যুদ্ধ সম্পর্কিত মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ হাজার হাজার গোপন নথি প্রকাশ করে দিয়ে আলোচনায় আসেন উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। কয়েক সপ্তাহ ধরে তিনি সুইডেনে অবস্থান করছেন। তার বিরুদ্ধে সুইডেনের দুই নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।
এই অভিযোগ সম্পর্কে টুইটারে অ্যাসেঞ্জ নিজেকে নির্দোষ দাবি করেন।
যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে তদন্ত চালাচ্ছে সুইডিশ কর্তৃপক্ষ। অস্ট্রেলীয় নাগরিক অ্যাসেঞ্জকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না এ ব্যাপারে তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৩ঘ.
bdnews24