রাজশাহী, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে রাজশাহীতে এক যুবককে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আফজাল হোসেন এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- কবির হোসেন। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার দোগাছি গ্রামে। বর্তমানে তিনি পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, দোগাছি গ্রামের মুনসুর রহমানের প্রতিবন্ধী মেয়ের (১৮) সঙ্গে প্রতিবেশী আব্দুল্লাহ্র ছেলে কবিরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
কবির বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কবিরকে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
সন্তান প্রসবের পর মেয়েটির পরিবারকে এক ঘরে করে রাখে গ্রামের প্রভাবশালীরা।
এসব ঘটনায় ২০০৮ সালে ১৮ অক্টোবর গোদাগাড়ী থানায় একটি মামলা হয়।
ওই সময় কবির গ্রেপ্তার হলেও ১০ মাস পর জামিনে বেরিয়ে পালিয়ে যান।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দা মর্জিনা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24