সাতক্ষীরা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় সাতক্ষীরায় একটি মামলা হয়েছে।
রোববার রাতে দেবহাটা থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম।
মামলায় উপজেলার বহেরা গ্রামের শামীম হোসেন, শহিদ গাজী, বাবু মিয়া ও সৈয়দ আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, রোববার রাতে উপজেলার কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ অফিসে টাকা-পয়সা লেনদেন নিয়ে একটি সালিশ চলছিল। এ সময় শামীম হোসেনের নেতৃত্বে অন্য আসামিরা অফিসে ঢুকে সালিশে বাধা দেয়। এতে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়।
চলে যাওয়ার সময় আসামিরা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
দেবহাটা থানার ওসি আব্দুল বারি জানান, এ ব্যাপারে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৬ ঘ.
bdnews24