ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার দায়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানকে আগামী ২৫ আগস্টের মধ্যে হাইকোর্টে হাজির করানোর জন্য সিলেট বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
জলমহালের ইজারা নিয়ে মৌলভীবাজারের জনৈক মো. জিল্লুর মিঞার দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২১ এপ্রিল মৌলভীবাজারের জেলা প্রশাসককে ওই জলমহালের খাজনা তার কাছ থেকে নিতে নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের ওই আদেশ জেলা প্রশাসক অমান্য করেছেন অভিযোগ এনে জিল্লুর মিঞার দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গত ১১ অগাস্ট আদালত অবমাননার রুল জারি করে। হাইকোর্ট তাকে ২২ অগাস্ট সশরীরে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেয়।
কিন্তু জেলা প্রশাসক নির্ধারিত তারিখে হাইকোর্টে হাজির হননি। সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার তাকে আদালতে হাজির হওয়ার বিষয়টি জানালে জেলা প্রশাসক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। 'এটা কোন আদালত, আদালত' বলেও ওই জেলা প্রশাসক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
নজরুল ইসলাম তালুকদার বিষয়টি আদালতে জানালে হাইকোর্ট মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
নজরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তবে জেলা প্রশাসক সোমবার হাইকোর্টে হাজির হলে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হবে বলে আদালত জানিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৫ ঘ.
bdnews24