২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা বছরই বাজার তদারকি করবে এফবিসিসিআই

কেবল রমজানেই নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সারা বছরই বাজার তদারকি করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল রমজানেই নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সারা বছরই বাজার তদারকি করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রোববার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই'র সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় একথা বলেন সংগঠনের সভাপতি এ কে আজাদ। এ কে আজাদ বলেন, "দেশের মানুষের স্বার্থে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে রমজান শেষে সারা বছর নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করা হবে।" তিনি বলেন, "নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি-না এফবিসিসিআইয়ে'র তদারকি দল নিয়মিত বাজার তদারকির মাধ্যমে তা পর্যবেক্ষণ করবেন।" দ্রব্যমূল্য সহনীয় রাখতে ডেলিভারি অর্ডার (ডিও) প্রথা বাতিল করে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করার ব্যাপারে এফবিসিসিআই-এর পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে বলেও জানান তিনি। ডিও প্রথা বাতিলের জন্য ব্যবসায়ীরাও অনুরোধ করেছেন বলে জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়া আদমানিকারক, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা তাদের কাছে পণ্য কত দিন মজুদ রাখতে পারবে-তা সুনির্দিষ্ট করে নতুন আইন তৈরির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান এ কে আজাদ। এ ব্যাপারে ঈদের পরে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআই'র পক্ষ থেকে আলোচনা করা হবে বলে জানান তিনি। এছাড়া ক্রেতাদের সুবিধার্থে মিল মালিকদের পণ্যের মূল্য তালিকা ওয়েবসাইটে দেওয়ারও দাবি জানান আজাদ। বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত কয়েক বছরের তুলনায় এবার প্রায় সহনীয় পর্যায়ে আছে। তবে দু'একজন ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়েছে বলে গোয়েন্দা সংস্থা জানিয়েছে।" ওই ব্যবসায়ীদের নাম উল্লেখ না করে তিনি বলেন, "তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। ঘটনার সত্যতা পেলে সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।" এছাড়া সারা বছর খাদ্য ও বিভিন্ন পণ্যের ভেজাল বিরোধী অভিযান জোরদার করার জন্য সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে জোর সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সভায় উপস্থিত বাণিজ্য সচিব মো. গোলাম হোসেন বলেন, "সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এফবিসিসিআই'র সুপারিশের পরিপ্রেক্ষিতে ডেলিভারি অর্ডারের (ডিও) পরিবর্তে ডিলারশীপের মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।" বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, "দেশে সারা বছর কোন পণ্যের কত চাহিদা আছে তা সরকারের পক্ষ থেকে জানানো হয় না। এ রকম পরিস্থিতিতে কি পরিমাণ পণ্য বিক্রির জন্য এবং কতটা মজুদ করবে ব্যবসায়ীরা তা বুঝতে পারে না। এর প্রভাব বাজারে উপর পড়ে।" সভায় আরো বক্তব্য দেন এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. জসিউদ্দিন, পরিচালক আবু আলম, মেঘনা গ্র"পের চেয়ারম্যান মোস্তাফা কামাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএএ/১৭২১ ঘ.