ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাত বছরের কারাদণ্ড বাতিল করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মঞ্জুর আপিল আবেদনের শুনানি শেষে এ রায় দেয়।
ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ২০০৮ সালের ১৮ মে আনোয়ার হোসেন মঞ্জুকে (জাপা-মঞ্জু) সাত বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ আদালত।
২০০৭ সালের ২৫ জুলাই ধানমণ্ডি থানায় দায়ের করা এ মামলায় তার বিরুদ্ধে ঠিকাদার আমিন আহমেদের কাছ থেকে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।
মঞ্জুর পক্ষে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আজিজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৫৩১ ঘ.
bdnews24