বেনাপোল, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল শোভাযাত্রা নিয়ে বুধবার বাংলাদেশে এসেছে সুকান্ত ভট্টাচার্যের কিশোর বাহিনী।
কিশোর বাহিনীর ২৫ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে আরো সুদৃঢ় করার লক্ষ্যে তারা এ সফরে এসেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশে সুকান্ত সংসদের কেন্দ্রীয় আহবায়ক অনোয়ারুল কবির রাজু স্বাক্ষরিত স্থানীয় সংবাদপত্রে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের সফরসূচি জানানো হয়।
কিশোর বাহিনীর ৩৫ সদস্যের এই ভারতীয় দল সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাদেশের পক্ষ থেকে এ সময় তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন- যশোরের শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইকবাল কবির জাহিদ, সুকান্ত সংসদের কেন্দ্রীয় আহবায়ক অনোয়ারুল কবির রাজু, যুগ্ন আহবায়ক সঞ্জীব রায়, র্যালির সমন্বয়ক রক্তিম দাস, যশোর জেলা সাংস্কৃতিক জোট সভাপতি হারুন অর রশিদ, উদীচীর সভাপতি সুকুমার দাস, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
সাইকেল শোভাযাত্রাটি যশোরে দুইদিন থেকে ২১ অগাস্ট গোপালগঞ্জে কবি সুকান্তের পৈত্রিক ভিটায় গিয়ে ফলক স্থাপন করবে। একইদিন বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবে।
২২ আগস্ট তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদিতে জ্যোতি বসুর বাড়িতে আরো একটি ফলক উন্মোচন করবেন।
২৩ অগাস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে হবে শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠান। ২৪ তারিখ বেনাপোল দিয়ে তারা ভারত ফিরে যাবেন।
গত সোমবার কলকাতার যাদবপুর থেকে এই সাইকেল শোভাযাত্রা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24