২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকালকান্দি গণহত্যা: গ্রাম জ্বালিয়ে দেয় পাকবাহিনী

ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস ১৮ আগস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 10:28 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

হবিগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস ১৮ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামের চন্ডি মন্দিরে পূজা করার সময় একই পরিবারের ১১ জনসহ ৮৮ জন গ্রামবাসীকে হত্যা করে পাকবাহিনী। লুট করে নেয় বিপুল পরিমাণ স্বর্ণ, ধান ও অন্যান্য সামগ্রী। জ্বালিয়ে দেয় পুরো গ্রাম। ধ্বংসস্তুপে পরিণত হয় সমৃদ্ধশালী মাকালকান্দি গ্রাম। প্রত্যন্ত ভাটি অঞ্চলে গ্রামটির অবস্থান। হিন্দু অধ্যুষিত কাগাপাশা ইউনিয়নের মাকালকান্দি গ্রামটি শিক্ষা-দীক্ষা ও অর্থনৈতিক দিক দিয়ে ছিল সমৃদ্ধশালী। ১৯৭১ সালের ১৮ আগস্ট সকালে ওই গ্রামের চন্ডি মন্দিরে মনসা ও চন্ডি পূজার প্রস্তুতি নিচ্ছিল গ্রামবাসী। এ সময় ৪০/৫০টি নৌকাযোগে পাকবাহিনী গ্রাম যায়। তারা চন্ডি মন্দিরের সামনে দাঁড় করিয়ে একই পরিবারের ১১ জনকে হত্যা করে। ওই পরিবারের একমাত্র বেঁচে আছেন গোপাল রঞ্জন চৌধুরী (৪২)। এছাড়া ওই গ্রামের আরো ৭৭ জনকে হত্যা করা হয়। তাদের অধিকাংশই মহিলা ও শিশু। ৪ দিনের শিশুও রক্ষা পায়নি সেদিন পাকবাহিনীর হাত থেকে। মায়ের কোল থেকে শিশুটিকে টেনে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। শিশুটির মা মিনতি রানী চৌধুরী (৭৬) বলেন, "আমার কোল থেকে ছেলেকে নিয়ে হত্যা করা হয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি বেঁচে আছি।" গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে থাকা কংশ মোহন দাশ (৮৫) বলেন, "ওই দিন গুলিবিদ্ধ হয়ে আমি মাটিতে পরে যাই। দীর্ঘদিন চিকিৎসার পর আজো পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছি।" কংশ মোহন দাশ বলেন, "হত্যাযজ্ঞ শেষে পেট্টোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পুরো গ্রাম।" তিনি জানান, নারকীয় এ হত্যার কথা মনে হলে আজো শরীর শিহরিত হয়ে ওঠে। স্বাধীনতার ৩৭ বছর পর ২০০৮ সালে এ গ্রামে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকার আরো একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ১৯৭১ সালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও উদ্যোগ নিয়েছে।" বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, "বানিয়াচংয়ের হলদারপুর ও মাকালকান্দিতে দু'টি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তাছাড়া ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাদের সাহায্যের চিন্তা করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২৬ ঘ.