ঝিনাইদহ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে বিদেশি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বিটুল কাজীকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে জার্মানির তৈরি একটি ৯এমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার সকালে র্যাবের ঝিনাইদহ কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রন লিডার আলভি ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল সন্ত্রাসী চরপাড়া এলাকায় জড়ো হয়েছে জেনে ওই এলাকায় রাত ১২টার দিকে অভিযান চালায় র্যাবের একটি দল। সেখান থেকে বিটুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে তারা।
র্যাব কর্মকর্তা আলভি জানান, ওই এলাকায় বিটুল অন্যদের জন্য অপেক্ষা করছিল বলে সে স্বীকার করেছে। তাকে হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত বিটুলের বাড়ি শৈলকুপা উপজেলার আহসাননগর গ্রামে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩৫২ ঘ.
bdnews24