গাইবান্ধা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদকে না জানিয়ে জলমহাল ইজারার নোটিশ দেওয়ায় এক সহকারী কমিশনারকে (ভূমি) গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ওই ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজিনা ফেরদৌস সদর আসনের সাংসদের সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
রোজিনা ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভূমি অফিস জলমহাল ইজারার জন্য মঙ্গলবার দুপুরে অফিসের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি দেয়।
এতে গোবিন্দগঞ্জ সদর আসনের সাংসদের এপিএস মতলুবর রহমান নান্না সাংসদকে না জানিয়ে নোটিশ টানানোয় বিকালে মোবাইল ফোনে তাকে (ফেরদৌস) গালাগাল এবং অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।
তিনি আরো বলেন, এরপর বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের কর্মীরা ভূমি অফিসে গিয়ে তাকে খুঁজে না পেয়ে পাশের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অশালীন ভাষায় গালাগাল দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ ডাকলে তারা চলে যায়।
ইউএনও আব্দুল ওয়াহেদ এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো কারণ ছাড়া তারা এ ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর এপিএস মতলুবর রহমান গালাগাল ও হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, উপজেলার উন্নয়ন কাজে সাংসদকে জানানো হয়। ওই ইজারার নোটিশে সাংসদকে অনুলিপি দেওয়ার কথা উল্লেখ থাকলেও তাকে নোটিশ দেওয়া হয়নি।
তাই নোটিশ না পাওয়ার বিষয়টি সহকারী কমিশনারের কাছে জানতে চাওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সেখানে চড়াও হয় বলে তিনি জানান।
গোবিন্দগঞ্জ থানার ওসি আক্কাস আলী বলেন, মতলুবর রহমান নান্না, মো. শামসুজ্জোহা ও সুমন মিয়াসহ ১৫ জনকে আসামি করে সহকারী কমিশনার (ভূমি) রোজিনা ফেরদৌস মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি এজাহার দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24