রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান পর্যালোচনা পর্ষদে সদস্য নিয়োগ-বহিষ্কারের ক্ষমতা সংশ্লিষ্ট মন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবনা তৈরি করেছেন বিমানমন্ত্রী জি এম কাদের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার কথার বাস্তবায়ন হচ্ছে না উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানিয়েছেন, জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটির ওপর নিজের নিয়ন্ত্রণ আরো বাড়াতে একটি প্রস্তাবনা তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
ওই প্রস্তাবনায় বিমান পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়োগ ও বহিষ্কারের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমানমন্ত্রীর হাতে দেওয়ার কথা বলা হবে।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের একথা বলেন বিমানমন্ত্রী জি এম কাদের।
তিনি বলেন, "বিমানে স্বচ্ছতার অভাব তীব্রভাবে পরিলক্ষিত হচ্ছে। অথচ সরকারের পক্ষে মন্ত্রণালয় থেকে বিমানকে দেওয়া নির্দেশনা উপেক্ষিত হয়। কোনো সিদ্ধান্তের ব্যাপারেও তারা মন্ত্রণালয়ে আসে না।"
"অথচ বিমানের দায়দায়িত্ব মন্ত্রণালয়কে বহন করতে হয়" মন্তব্য করে বিমানমন্ত্রী বলেন, "কয়েকটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করার জন্য আমি অনুরোধ করলাম। কিন্তু তারা চালাচ্ছে না।
"আমার কথা না শুনলে আমি কোনও অ্যাকশন নিতে পারি না। কারণ বোর্ড সদস্যদের হায়ারিং-ফায়ারিংয়ের ক্ষমতা আমার হাতে নেই।"
"তাই প্রস্তাবনায় হায়ারিং-ফায়ারিংয়ের ক্ষমতা মন্ত্রীকে দেওয়ার কথা বলা হয়েছে," জানিয়ে কাদের বলেন, "কালকের (মঙ্গলবার) মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে এটা পাঠানো হবে।"
রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানকে ২০০৭ সালের জুলাই মাসে পাবলিক লিমিটেড কোম্পানিতে রুপান্তর করা হয়। তখন থেকে এ ব্যবস্থাপনা দেখভালের দায়িত্ব মন্ত্রণালয়ের পরিবর্তে পরিচালনা পর্ষদের হাতে দেওয়া হয়।
সরকারপ্রধান পরিচালনা পর্ষদ সদস্যদের নিয়োগ অনুমোদন করেন।
স
bdnews24