বাগেরহাট, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সরকার সমর্থক স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ জগলুল আহসানসহ (৩৮) চারজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন জেলার মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদারসহ (৫৫) আটজন। প্রবীরকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বেচ্ছাসেবকলীগ নেতা জগলুল ওই উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার কুমারখালী গ্রামের সৈয়দ সুলতান আলীর ছেলে।
সোমবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে বাকিরা হলেন- ট্রাক শ্রমিক আসাদ শেখ (৪৭), তার ছেলে মুরাদ শেখ (১৬) ও কাউসার (৩০)। ট্রাক শ্রমিকদের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।
মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম বলেন, "দুর্ঘটনার পর প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। কাঠ বোঝাই ট্রাকটি ওই প্রাইভেটকারের ওপর গিয়ে পড়ে।"
মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদারের প্রাইভেটকারে করে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জগলুল ঢাকায় যাচ্ছিলেন।
তাদের সঙ্গে থাকা বাপ্পী (৩২) ও কারের চালক মো. রফিকও (৩৭) আহত হয়েছেন।
বাপ্পীকেও খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রাইভেটকারের চালক রফিক, ট্রাক শ্রমিক হারু মোল্লা (২৩), আসাদ চৌকিদার (৩৫), রমজান শেখ (৩৬), মো. আলমগীর (২৮) ও সাখাওয়াত শেখকে (৩৩) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি বলেন, খুলনাগামী একটি কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনার সময় বৃষ্টি হচ্ছিলো।
দমকল বাহিনীর সদস্য ও পুলিশ হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। গাড়ি দুটি উদ্ধারের জন্য খুলনা থেকে পুলিশের র্যাকার আনা হচ্ছে।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন জানান, দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে প্রবীর রঞ্জন হালদার তার গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24