নারায়ণগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঁদার জন্য একটি ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন ওই ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক।
সোমবার দুপুরে উপজেলার কদমরসুল এলাকায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ড লিমিটেড থেকে কেনা লোহা আনার সময় এই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল ও বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঠিকাদার প্রতিষ্ঠান শাহীন এন্টারপ্রাইজের মালিক মো. শাহীন সাংবাদিকদের জানান, শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের ২৫ লাখ টাকা অগ্রিম জমা দিয়ে লোহা কেনে তার প্রতিষ্ঠান।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নামধারী আঙ্গুর, হাবিব ও জাকির তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেয়ায় ১০-১২ দিন আগেও তারা কাজ বন্ধ করে দেয়।
শাহীন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় আঙ্গুর, হাবিব, জাকির, সালাউদ্দিন, জাহাঙ্গীর, ও সুজুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
তারা শ্রমিকদের মারধর করে ট্রলার থেকে ফেলে দেয়। এতে আহত হন- সেলিম, লিটন, বাবুল, জহিরুল, বাবলু, সাইদুর, জাকির, আলতু, হানিফ, টুলু, নুরে আলমসহ ১৫ জন।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজ না পেয়ে ঠিকাদারের শ্রমিকদের চড় থাপ্পড় ও মারধর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24