নাটোর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।
একইসঙ্গে তাদের দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার জেলার দায়রা জজ আব্দুল মজিদ এই রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন- নাদিম (৩৫) ও ইনছান (৩৮)। তাদের বাড়ি রাজশাহী নগরীর বিলসিমলা মহল্লায়।
তাদের কাছ থেকে জব্দ করা মাইক্রোবাসটি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৩ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের পরিদর্শক আমিনুল কবির সিংড়ার নেঙ্গুইন গ্রামে একটি মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো চ-০২-০৮৭৬) এই দুজনকে আটক করেন।
এ ব্যাপারে পরিদর্শক আমিনুল কবির বাদি হয়ে সিংড়া থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.
bdnews24