ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ভেজাল ও মূল্য বৃদ্ধি প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আগামী দুই মাস অব্যাহত রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি ভেজাল ও বেআইনীভাবে মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কেনো নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা জানাতে ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
সরকারের স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ১০ জনকে এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থে রিট আবেদনে এ আদেশ দেয়।
আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য খাদ্যে ভেজাল মেশাচ্ছে এবং বেআইনিভাবে দাম বাড়াচ্ছে।"
তিনি আরো বলেন, "রমজান মাসে ভেজাল রোধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত থাকলেও অজানা কারণে তা বন্ধ হয়ে গেছে। রুপচাঁদা তেল এর বেআইনিভাবে মূল্য বৃদ্ধি বন্ধে ভ্রাম্যমান আদালত পদক্ষেপ গ্রহণ করলে ব্যবসায়ীদের চাপে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৫৫৬ ঘ.
bdnews24