ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল হাসান সোমবার আপিল বিভাগে এই অভিযোগ দায়ের করেন।
প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এই অভিযোগটির ওপর সংক্ষিপ্ত শুনানি করেন।
আদালত আবেদনকারীদের কৌশুলি অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানকে উদ্দেশ্য করে বলেন, "এটি একটি আলাদা অভিযোগ। নতুন করে আদালত অবমাননার আবেদন দায়ের করতে হবে। আদালত মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
গত ১০ মে 'স্বাধীন বিচারের নামে তামাশা' শিরোনামে আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান নিজ নামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেন।
এম কে রহমান শুনানিতে বলেন, "গত ২১ এপ্রিল 'চেম্বার মানেই সরকার পক্ষে স্টে' শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ধারাবাহিকতায় মাহমুদুর রহমান এই মন্তব্য প্রতিবেদন লিখেছেন।"
এম কে রহমান মন্তব্য প্রতিবেদন আদালতে উপস্থাপন করে বলেন, "এটিও আদালত অবমাননার ধারাবাহিকতা।"
আদালতে শুনানি হওয়ার পর এম কে রহমান সাংবাদিকদের বলেন, "সোমবারের মধ্যেই নতুন করে আদালত অবমাননার আবেদন দায়ের করা হবে।"
শুনানির সময় মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪৮ ঘ.
bdnews24