ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কপোরেশনের (ডিসিসি) এক কর্মকর্তা সোমবার ভোরে বনানীর নিজ বাসায় তার বৈধ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান।
শহিদুর রহমান (৫৩) নামের ওই কর্মকর্তার অবস্থা এখন আশংকাজনক। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান জোনের পুলিশের সহকারি কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহিদুর রহমান বনানীর নগর নিবাসের ২১/২ নম্বর ভবনের 'সি' নম্বর ফ্লাটে পরিবারের সদস্যদের নিয়ে থাকেন।
সোমবার ভোররাতে সেহরীর পর তিনি ড্রইং রুমে জায়নামাজে বসে নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
নূরুল আলম জানান, শহিদুর রহমান ডিসিসির টার্মিনাল ম্যানেজার। প্রায় এক বছর আগে তাকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত মার্চ মাসে তার স্ট্রোক হয়। এরপর তার এক হাত এক পা অবশ হয়ে যায়।
ওএসডি করার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
শহিদুর রহমানের অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১১৫৫ ঘ.
bdnews24