ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী রোববার যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে।
সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।
এদিন ছিলো সরকারি ছুটি। সব সরকারি ও আধা সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আয়োজন করা হয় আলোচনা সভার।
দিনটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তখন সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার প্রদান করে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এর কিছুক্ষণ পর শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে যান। সেখানে পঁচাত্তরের ১৫ অগাস্ট যে সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়ে ছিলো সেখানে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী বাসার একটি কক্ষে বসে কোরআন তেলাওয়াত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠন সারিববদ্ধভাবে পুস্পস্তবক অর্পণ করে।
শেখ হাসিনা বনানীতে তার মা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ ১৫ অগাস্ট নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। সেখানেও তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন। শেখ রেহানা এ সময় তার সঙ্গে ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, মহাজোটের শরিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১০৩৬ ঘ.
bdnews24