২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে জাতীয় শোক দিবস পালন

জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মসজিদ-মন্দিরে প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মসজিদ-মন্দিরে প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার উপাচার্র্য ভবনের সামনে সমবেত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে তারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এবং চারুকলা অনুষদ জাতীয় শোক দিবস উদযাপন কমিটি এসব আলোচনা সভার আয়োজক। এছাড়া চারুকলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মসজিদ-মন্দির-গুরুদুয়ারায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী একজন মহামানব। তার নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তার 'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম' মন্ত্রে উদ্দীপ্ত হয়েই সর্বস্তরের জনগণ দেশ স্বাধীন করেছে।" অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান সাংসদ আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরে এলাহী, মহাসচিব রকিব উদ্দিন প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, শিক্ষক সিমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, নীলদলের আহবায়ক অধ্যাপক আনোয়ার হোসেন, প্রক্টর কেএম সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় উপাচার্য বলেন, "১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একটি মানুষকে হত্যা করা হয়নি, বরং একটি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছে।" তিনি আরও বলেন, ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের বহিষ্কারাদেশ ন্যায়সঙ্গত ছিল না। অন্যায় ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত একশ বছর পর হলেও সংশোধন করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত ৬১ বছরের একটি ভুল সিদ্ধান্ত সংশোধন করেছে। চারুকলা অনুষদ জাতীয় শোক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজন করা হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। ১৪৭ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। এর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন শিল্পী মতলুব আলী। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। মসজিদে মোনাজাত জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে রোববার জোহরের নামাজের পর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপচার্য অধ্যাপক হারুন অর রশিদ, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪২ ঘ.