মুন্সীগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে গ্রামের খোরশেদ আলম বেপারী ও তার মেয়ে জামাই কামরুল বেপারীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে খোরশেদ আলম বেপারী (৫৫) ও নজরুল ইসলাম বেপারীকে (৩৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিল্পী বেগম (২৭), সবুজ বেপারী (৩০), কামরুল বেপারী (৩২), আনোয়ার বেপারী (২২), মামুন বেপারী (১৮), ইছহাক বেপারীসহ (৩৩) বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কলহের জের ধরে শুক্রবার খোরশেদ বেপারী তার মেয়ে শিল্পী বেগমকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে একই গ্রামের মেয়ে জামাই কামরুলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সদর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24