ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের পিস্তল রোববার জব্দ করেছে পুলিশ। (সংশোধিত)
রাজধানীর শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দ করা পিস্তলটি পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখায় পাঠানো হয়েছে। এছাড়া সিআইডি সদস্যরা শাওনের পাজেরো জিপ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে গাড়িটি তাকে আবার ফেরত দিয়েছে।
ওসি আরো জানান, যুবলীগ নেতা ইব্রাহীমের মৃতদেহ থেকে উদ্ধার করা গুলি ও গুলির খোসা একই কি না তা পরীক্ষা করে দেখা হবে। সংসদ সদস্য শাওনের পিস্তলের গুলিতেই ইব্রাহীম নিহত হয়েছেন কি না তা সিআইডির কাছে জানতে চাওয়া হয়েছে।
শুক্রবার রাতে শাওনের পাজেরো জিপের ভেতরে রাখা লাইসেন্স করা পিস্তলের গুলিতে মৃত্যু হয় যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের। ঢাকা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করেছিলেন ইব্রাহীম।
গত শনিবার শাওনের গাড়ি চালক কামাল হোসেনকে উদ্ধৃত করে শেরেবাংলা নগর থানার ওসি জানিয়েছিলেন, শুক্রবার রাত আটটার দিকে জিপের ভেতরে রাখা সংসদ সদস্য শাওনের লাইসেন্স করা পিস্তল নাড়াচাড়ার একপর্যায়ে ইব্রাহীম গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24