চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তিনি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড়ে আটক এই তিন নারীর কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফাতেমা বেগম (৫০), পারভীন আক্তার (৩৫) ও সেলিনা আক্তার (৪৫)।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারককৃতরা কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে এসে নগরী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এদের সঙ্গে থাকা অপর এক মহিলা আরো কিছু ফেনসিডিল নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় বায়েজীদ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া মহিলাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24