পাবনা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস পালন নিয়ে রোববার দুপুরে পাবনার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চুর বাড়ি ভাংচুর করে।
সংঘর্ষের কারণে পাবনা-ঈশ্বরদী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঈশ্বরদী থানার ওসি সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর কর্মসূচী পালন নিয়ে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থকদের সঙ্গে ও সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথার সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পরে আবুল কালাম আজাদের সমর্থক ২০/২৫ জনের একদল যুবক গিয়ে ইসহাক আলী মালিথা ও শফিকুল ইসলাম বাচ্চুর বাড়ি ভাংচুর করে।
এ ব্যাপারে আবুল কালাম আজাদকে অভিযুক্ত করে ঈশ্বরদী থানায় এজাহার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৩২ ঘ.
bdnews24