২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেক্ষাপটে শোক দিবস রোববার

স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী রোববার। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের পর নতুন প্রেক্ষাপটে জাতীয় শোক দিবস হিসেবে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে দিবসের কর্মসূচি। এর আগে ভোরে সব সরকারি ও আধা সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আয়োজন করা হবে আলোচনা সভার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ অগাস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন করে। কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় এসে ২০০২ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এছাড়া বিধি সংশোধন করে সরকার নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল। ছয় বছর পর ২০০৮ সালে আদালতের আদেশে সরকার ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে। সে বছর বছর হাইকোর্ট এক রায়ে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়। দিনটি উপলক্ষে রোববার সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অফ অনার প্রদান করবে। এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ অগাস্ট নিহতদের কবরে এবং সকাল দশটায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। হত্যাকাণ্ডের ৩৫ বছর পর দীর্ঘ প্রতীক্ষা শেষে চলতি বছরের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করা হয়। হত্যাকারীদের একজনের স্বাভাবিক মৃত্যু হলেও বাকী ছয়জন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। সরকার বলছে, খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ভোররাতে একদল সেনা সদস্য ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের ও পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে। সেই রাতে আরও নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশু পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু। মারা যান বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। জাতীয় এই শোককে শক্তিতে রূপান্তর করে এবং দেশ গঠনে আত্মনিয়োগ করার আহবান জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, "দীর্ঘ ৩৫ বছর পরে হলেও জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী ঘাতকদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হয়েছে। জাতি আজ অনেকটা কলঙ্কমুক্ত। যেসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘাতক আজো বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করে জাতিকে কিছুটা কলঙ্কমুক্ত করেছি। বাকি আসামীদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় চার নেতার হত্যার বিচার ত্বরান্বিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।" শেখ হাসিনা আরো বলেন, "আওয়ামী লীগ সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, তখন জনগণের ভোটে প্রত্যাখ্যাত শক্তি ষড়যন্ত্র ও অরাজকতার মাধ্যমে উন্নয়ন এবং গণতন্ত্রের অভিযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে। এদের সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।" দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সময়ে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা। এ ছাড়া সকাল সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে সাতটায় বনানী গোরস্থানে অন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান। বাদ আছর দেশের সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হব। বিশেষ প্রার্থনা হবে মন্দির, প্যাগোডা ও গির্জায়। সকাল ১১ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শোক দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবে এক সর্ব ধর্ম আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশন দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। জাতীয় সংবাদপত্রগুলোতে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র। জেলা ও উপজেলা পর্যায়েও আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হবে। সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পার্ঘ অপর্ণের অনুষ্ঠান সরাসরি স