সিরাজগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কের মাইঝালে শনিবার সকালে এক সিএনজি অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রবিউল ইসলামের (২৫) বাড়ি জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা রবিউলকে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে গেছে।
বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় রবিউল গোপরেখী গ্রাম থেকে ভাড়ায় সিএনজি অটোরিক্সা নিয়ে বেরিয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি।
স্থানীয় লোকজন শনিবার সকালে মাইঝাল এলাকায় পাট ক্ষেতের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রবিউলের লাশ দেখে পুলিশে খবর দেয়।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের বাবা মো. করিম শিকদার বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩০৫ ঘ.
bdnews24