ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের নির্দেশ ৬১ বছর পর প্রত্যাহার হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সিন্ডিকেটের এক বিশেষ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয় আলোচনার জন্য সিন্ডিকেটের এ সভা ডাকা হয়।
শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র থাকা অবস্থায় এক ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করেছিলো।
সভা শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধুর নেতৃত্বে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ সঠিক ছিলো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বহিষ্কারাদেশ ও জরিমানার আদেশটি ছিলো অযৌক্তিক। তাই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তটি প্রত্যাহার করছে।
এর মাধ্যমে জাতির দায়মুক্তি ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিল আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত
bdnews24