ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রী পরিবহনে বাংলাদেশের বিমানবন্দর থেকে পুরোনো উড়োজাহাজ পরিচালনের ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিএএবি) সতর্ক করে দিয়েছে সৌদি আরব সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি জানান, গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ সিএএবিকে একটি চিঠি দেয় যাতে বলা হয়েছে, ঢাকা থেকে হজযাত্রী পরিবহনে ২০ বছরের বেশি পুরানো উড়োজাহাজ ব্যবহার করা হলে তারা বিমানগুলো সশরীরে পরিদর্শন করতে লোক পাঠাবে।
মন্ত্রী বলেন, "তাদের নিজেদের বিমান বন্দরের নিরাপত্তার জন্যই তারা পুরোনো এবং আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ ও যোগ্যতাবিহীন উড়োজাহাজ সেখানে অবতরণ করতে দেবে না।"
চিঠিটি গত বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সৌদি আরবের এই চিঠি বিমান কর্তৃপক্ষের জন্য বিরাট একটি আঘাত। কারণ, আসন্ন হজ মৌসুমে হজযাত্রী পরিবহনে নাইজেরিয়ার ক্যাবো এয়ার নামের একটি কোম্পানিকে নিয়োগ করার ব্যাপারে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে এমনকি সরকারের সর্বোচ্চ কার্যালয় থেকেও জোর তদবির করা হয়েছিলো।
সিএএবি'র অনুমোদনও নেই ক্যাবো এয়ারের। কিন্তু নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে নিজ উড়োজাহাজ পরিচালনা করার জন্য বিমান পরিচালনাকারী সব সংস্থারই সিএএবি'র নিবন্ধন থাকতে হবে। বাংলাদেশে আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে এই নীতিমালা প্রণয়ন করে সিএএবি।
২০ বছরের বেশি পুরোনো উড়োজাহাজের নিবন্ধন দেয় না সিএএবি। তবে সিএএবি'র এ নিয়মকে পাশ কাটিয়ে এর চেয়ে বেশি পুরোনো উড়োজাহাজকে জরুরি অবস্থায় সিএএবি'র অনুমোদন ছাড়াই উড্ডয়নের অনুমতি দিতে পারে মন্ত্রণালয়।
কয়েক সপ্তাহ আগে ক্যাবো এয়ারের ঝুঁকিপূর্ণ উড়োজাহাজকে অনুমতি দেওয়া নিয়ে পদত্যাগের হুমকি দিয়েছিলেন জিএম কাদের।
নিজ বাসভবনে এক সাক্ষাৎকারে জিএম কাদের বলেন, "সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষের চিঠিটি আমাকে পাঠিয়েছে সিএএবি।"
তিনি বলেন, "আমরা যদি ক্যাবো এয়ারের ২৬ বছরের পুরোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেই, তাহলে হজযাত্রী পরিবহনে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের।"
"ক্যাবো এয়ারের উড়োজাহাজগুলোর অবস্থা ভালো নয়, তাই সৌদি আরবে যাচাই পরীক্ষায় সেগুলো উত্তীর্ণ হবে না তা প্রায় নিশ্চিত।"
মন্ত্রী জানান, ক্যাবো এয়ারের পুরানো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়ার জন্য বিমান এবং সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির চাপের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তিনি। ৮ অক্টোবর থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ বছর অন্তত ৭৫ হাজার হজযাত্রী হজ পালন করবেন। তবে সৌদি সরকারের অনুমোদন পেলে এ সংখ্যা বেড়ে ৯৪ হাজার পর্যন্ত হতে পারে।
ইতিমধ্যে নয়টি বেসরকারি বিমান সংস্থা হজযাত্রী পরিবহনের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে। এদের সবারই সিএএবি'র অনুমোদন রয়েছে।
এছাড়া ২০ বছরের বেশি পুরোনো উড়োজাহাজকে অনুমতি দেওয়ার ব্যাপারে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশনের (আইসিএও) সতর্কতার কথা জানিয়েও মন্ত্রীকে একটি চিঠি দিয়েছে সিএএবি।
জিএম কাদের বলেন, "বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে আইএসিও তাদের নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষণ তালিকায় রেখেছে। সিএএবি চেষ্টা করছে নিজেদের ও আকাশপথে নিরাপত্তা বিষয়ক পদক্ষেপগুলো উন্নয়ন করার।"
সিএএবি চেয়ারম্যানের বরাত দিয়ে তিনি বলেন, "বাংলাদেশ যদি সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে নিজ আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, কোনো আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ থেকে নিজেদের ফ্লাইট পরিচালনা করবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এজে/কেএমএস/১৩৩১ ঘ.
bdnews24