নারায়ণগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি আদায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে কয়েক হাজার পোশাক শ্রমিক।
ভুলতায় মহাসড়কের পাশে অবস্থিত রপ্তানিমুখী হোম টেক্সট উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিএস টেক্সটাইল লিমিটেডের চার হাজার শ্রমিক সকাল ৮টা থকে বিকাল ৫টা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ, ঘোষিত ন্যূনতম মজুরি তিন হাজার টাকা অগাস্ট মাস থেকে কার্যকর এবং কারখানার কর্মকর্তাদের হাতে নির্যাতনের প্রতিবাদে এ আন্দোলন করছে।
পুলিশ জানিয়েছে, সব শ্রমিক সকাল ৮টার আগে কারখানায় প্রবেশ করে। এরপর তারা কাজে যোগ না দিয়ে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানার ভেতরে ভাংচুর চালায় তারা।
এরপর সকাল সাড়ে ৮টার দিকে মহসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। আলোচনার মাধ্যমে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে গত ২৯ জুলাই এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেন। এতে শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ধরা হয়েছে। শিক্ষনবিশ শ্রমিকরা পাবেন আড়াই হাজার টাকা।
মজুরি কাঠামো ঘোষণা করে শ্রমমন্ত্রী জানান, আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সভাপতিরা উপস্থিত ছিলেন। তারা ১ নভেম্বর থেকে নতুন এ মজুরি কাঠামো বাস্তবায়নের প্রতিশ্র"তি দেন। শ্রমিক প্রতিনিধিরাও ঘোষিত এ মজুরি কাঠামো মেনে নেওয়ার ঘোষণা দেন।
তবে ঘোষণার পর নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে কয়েকটি শ্রমিক সংগঠন এই কাঠামো পুনর্বিবেচনার দাবি জানায়। দাবি ওঠে ঘোষিত মজুরি অগাস্ট মাস থেকেই কার্যকর করারও।
এরপর কয়েকদিন ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে এবং মজুরি কাঠামো অগাস্ট মাস থেকে কার্যকরের দাবিতে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে বিক্ষোভ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩৬ ঘ.
bdnews24