২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা

দাম্পত্য কলহের জেরে শুক্রবার সাভারের ব্যাংক কলোনি মহল্লায় এক শিক্ষক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

সাভার, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম্পত্য কলহের জেরে শুক্রবার সাভারের ব্যাংক কলোনি মহল্লায় এক শিক্ষক খুন হয়েছেন। নিহত শাহ আলম (৪০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের কম্পিউটার শিক্ষক ছিলেন। তিনি ব্যাংক কলোনি মহল্লার ১৪/২ শিউলি ভিলায় ভাড়া থাকতেন। স্ত্রী, শ্বশুর ও শ্যালক তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শাহ আলমকে তার বাসায় স্ত্রী, শ্বশুর ও শ্যালক পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। তিনি জানান, সকাল ১০টার দিকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁইসহ শ্বশুর ও শ্যালক একসঙ্গে শাহ আলমকে বাসায় বেধড়ক মারধর করে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহ আলমের মৃত্যুর সংবাদ পেয়ে তার স্ত্রী, শ্বশুর ও শ্যালক পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শাহ আলমের প্রতিবেশী এমএ জলিল জানান, চিৎকার শুনে তাদের বাসায় গিয়ে দেখেন শাহ আলম ও তার মাকে মারধর করছে তার স্ত্রী, শ্বশুর ও শ্যালক। প্রচণ্ড মারধরে রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়। শাহ আলমের বাসার মালিক শিউলি ইসলাম জানান, দুই বছর আগে শাহ আলম ও তার মা বাসাটি ভাড়া নেন। গত পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। এরপর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শোনা যেত। স্বামী ও স্ত্রী দু'জনই পরস্পরকে দাম্পত্য জীবনের বাইরে অনৈতিক সম্পর্কের ব্যাপারে সন্দেহ করতেন বলে শিউলি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.