পাবনা, ১৩ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আতাইকুলায় পুলিশের সঙ্গে চরমপন্থীদের বন্দুকযুদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হাতে তৈরি ১১টি তাজা বোমা, একটি কাটা রাইফেল, একটি শাটারগান, চার রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র।
শুক্রবার দুপুর ১২টার দিকে আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের ভিনগ্রামের একটি মাঠে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধের) অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার চরমপন্থী হলেন- রাশেদ হোসেন (২৫)। তিনি সাঁথিয়া উপজেলার বিলসলঙ্গি গ্রামের জিতু প্রামাণিকের ছেলে।
আতাইকুলা থানা পুলিশ জানায়, চরমপন্থী দলটির অস্ত্রধারীরা ভিনগ্রামের ওই মাঠে গোপন বেঠকে বসছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি করতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অস্ত্রধারীরা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে রাশেদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ রাশেদ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধের) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৬ ঘ.
bdnews24